প্রায় নয় মাস আটক থাকার পর চীনের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) খ্রিস্টান গির্জা ‘জায়ন চার্চ’-এর প্রতিষ্ঠাতা যাজক এজরা জিনকে মুক্তি দিয়েছে চীন সরকার। রোববার গির্জা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এজরা জিন, যিনি চীনা ভাষাভাষীদের কাছে ‘মিংরি’ নামেও পরিচিত, তাকে গত বছরের ১০ অক্টোবর ‘তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহার’-এর অভিযোগে আটক করা হয়। তিনি চীনের একটি অননুমোদিত গির্জা ‘জায়ন চার্চ’-এর প্রতিষ্ঠাতা। সরকারি অনুমোদিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত চার্চের বাইরে উপাসনা করতে আগ্রহী অনেক খ্রিস্টান এই গির্জায় প্রার্থনা করেন।
মানবাধিকার সংগঠন ‘চায়না এইড’ জানায়, মুক্তি পাওয়ার পর এজরা জিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন। সংগঠনটির দাবি, চীনা কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে আলোচনার ফলেই তার মুক্তি সম্ভব হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সদিচ্ছার নিদর্শন হিসেবেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ট্রাম্প ও সি চিনপিংয়ের বৈঠকে এজরা জিনের আটক থাকার বিষয়টি উত্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে, যাজকের মেয়ে গ্রেস জিন এক বিবৃতিতে বলেন, “এই অসাধারণ অলৌকিক ঘটনার জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনা চীনে ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্র: বাসস









