রোনালদোকে এক মুহূর্তও অবহেলা করা যাবে না—স্পেন কোচের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোতে হাইভোল্টেজ লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে সামনে রেখে উভয় দলের কোচই কৌশল নির্ধারণে সতর্ক অবস্থান নিয়েছেন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ দে লা ফুয়েন্তে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি বিশেষ সতর্ক থাকার বার্তা দেন। তিনি বলেন, রোনালদো বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি আলো ছড়াতে না পারলেও যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।

দে লা ফুয়েন্তে বলেন, “আমি ক্রিশ্চিয়ানোর অনেক বড় ভক্ত। সে দৃঢ়সংকল্প, অক্লান্ত এবং অনুকরণীয় একজন ফুটবলার। তাকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ সে মুহূর্তেই ব্যবধান গড়ে দিতে পারে। আমরা ম্যান-টু-ম্যান মার্কিং করব না, তবে সে যেখানে থাকবে, সেখানে বাড়তি সতর্কতা থাকবে।”

স্প্যানিশ এই কোচ আরও বলেন, “সে না খেললে হয়তো ভালো লাগত। কিন্তু সে খেলবে, আর আমরা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে মাঠে দেখব।”

রোনালদোকে সামাল দেওয়ার দায়িত্ব পড়তে পারে স্পেনের তরুণ সেন্টারব্যাক পাউ কুবার্সির ওপর। এ বিষয়ে দে লা ফুয়েন্তে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, এমেরিক লাপোর্তেকে সঙ্গে নিয়ে কুবার্সি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

তার ভাষায়, “রোনালদোর বিপক্ষে কখনোই অসাবধান হওয়া যাবে না, যেমনটা লামিন ইয়ামাল বা অন্য শীর্ষ খেলোয়াড়দের ক্ষেত্রেও নয়। তবে আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ বিশ্বাস আছে। পাউ ও লাপোর্তে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। তারা যেকোনো প্রতিপক্ষকে সামাল দেওয়ার সক্ষমতা রাখে।”

বিশ্বকাপের শেষ ষোলোর এই মহারণে একদিকে অভিজ্ঞতার প্রতীক রোনালদো, অন্যদিকে তরুণ প্রতিভা লামিন ইয়ামাল—দুই প্রজন্মের দুই তারকার লড়াইয়ে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মাঠের দিকেই।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর