সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সমাবেশ মঞ্চে তখন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে আহত দুইজনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, পদযাত্রা-পরবর্তী সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।









