দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামী গ্রেফতার, তিন সন্তানের সামনেই ঘটে মর্মান্তিক ঘটনা

ঘুমানোকে কেন্দ্র করে কলহ, শাবলের আঘাতে স্ত্রীকে হত্যা

ডেস্ক রিপোর্ট

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘুমানোকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মানিক হোসেনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। তার স্বামী মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের তিন ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, মানিক হোসেন কোনো কাজকর্ম করতেন না। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। মঙ্গলবার ভোরে ঘুমানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক প্রথমে স্ত্রীকে মারধর করেন। পরে ঘরে থাকা একটি শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মানিককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়।

নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মানিক হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের বড় ছেলে আলা-আমিন বলেন, “আমাদের সামনেই বাবার হাতে মা নিহত হয়েছেন। আমরা এ ঘটনার বিচার চাই।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর