উত্তাল সাগরে ডুবল দুই ট্রলার, ১৬ জেলে উদ্ধার; নিখোঁজ ২

ডেস্ক রিপোর্ট

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে প্রশাসন ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে চেষ্টা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কালাম পাইকার ও শহীদ। উদ্ধার হওয়া ১৬ জেলের সবাই একই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার সকালে তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে দুটি ট্রলার গভীর সাগরে যায়। তপন জমাদ্দারের মালিকানাধীন ট্রলারে ছিলেন ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারে ছিলেন পাঁচজন জেলে।

রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রবল ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা সাঁতরে তপন জমাদ্দারের ট্রলারে উঠলেও কিছুক্ষণ পর প্রবল ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে যায়। এতে ১৮ জন জেলেই সাগরে ভেসে যান।

পরে রাত ৩টার দিকে অপর একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে।

স্থানীয়রা জানান, দুই জেলের সন্ধান না মেলায় তাদের পরিবার-স্বজনের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

তালতলী কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে এখনো উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে অভিযান পরিচালনা করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড ও নৌপুলিশকে অবহিত করা হয়েছে। তবে উত্তাল সাগরের কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়েও প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

সংবাদটি লেখা পর্যন্ত নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর