কুষ্টিয়ার খোকসা উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে খোকসা পৌর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ বিশ্বাস উপজেলার বেতবাড়ীয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান কমলাপুরের উদ্দেশে যাচ্ছিল। ভ্যানটি পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিলীপ বিশ্বাসের ওপর উল্টে পড়ে।
এ সময় দিলীপ বিশ্বাসসহ ভ্যানে থাকা ইকবাল ও সাইদুল নামে দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, প্রাইভেট কারের ধাক্কায় এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









