মৃত’ ঘোষণার পর শুরু হলো রংপুরের জাহাজ কোম্পানি–সাতমাথা সড়কের সংস্কার

ডেস্ক রিপোর্ট

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক বছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা সড়কটির সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলেন নগরবাসী। একপর্যায়ে প্রতিবাদ হিসেবে সড়কটিকে ‘মৃত’ ঘোষণা করে প্রতীকী জানাজাও পড়ানো হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় সড়কে নতুন কার্পেটিং, আরসিসি ড্রেন, ফুটপাত, সড়ক বিভাজক, লাইটপোস্ট এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা।

সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তাদের প্রত্যাশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট, জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

উদ্বোধন শেষে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পরই সড়কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ সড়ক হিসেবে এটি গড়ে তোলা হবে। ভবিষ্যতে একই মডেলে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর