বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বদলে যায় অনেকের খাদ্যাভ্যাসও। গরম গরম ভাজাপোড়া, মুখরোচক নাশতা এবং কম শারীরিক পরিশ্রমের কারণে এ সময় রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা রক্তে অতিরিক্ত চর্বির সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এ সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার মৌসুমি কিছু ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে স্বাভাবিকভাবেই হৃদযন্ত্র ভালো রাখা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
১. পেয়ারা
বর্ষার অন্যতম জনপ্রিয় ও সহজলভ্য ফল পেয়ারা। এতে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম এবং দ্রবণীয় খাদ্যআঁশ রয়েছে। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষতিকর (এলডিএল) কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র সুস্থ রাখতে পেয়ারা হতে পারে দারুণ একটি ফল।
২. নাশপাতি
নাশপাতিতে থাকা পেকটিন নামের দ্রবণীয় খাদ্যআঁশ অন্ত্রে কোলেস্টেরল শোষণ কমিয়ে শরীর থেকে তা বের করে দিতে সহায়তা করে। নিয়মিত নাশপাতি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
৩. কলা
কলা পটাশিয়ামের একটি ভালো উৎস। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা খাদ্যআঁশ শরীরে অতিরিক্ত চর্বি জমা কমাতে ভূমিকা রাখে। তাই পরিমিত পরিমাণে কলা খাওয়া হৃদস্বাস্থ্যের জন্য উপকারী।
৪. জাম
বর্ষার আরেকটি জনপ্রিয় ফল জাম। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান, যা রক্তনালির প্রদাহ কমাতে এবং স্বাভাবিক রক্তসঞ্চালন বজায় রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে জামও কার্যকর ভূমিকা রাখতে পারে।
৫. জামরুল
জামরুলে রয়েছে নিয়াসিন ও খাদ্যআঁশ, যা ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে এবং উপকারী এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়ক হতে পারে। তাই বর্ষাকালে নিয়মিত ও পরিমিত পরিমাণে জামরুল খাওয়া হৃদস্বাস্থ্যের জন্য ভালো অভ্যাস।
এ ছাড়া লেবু, বাতাবিলেবুর মতো টকজাতীয় ফলে থাকা ভিটামিন সি ও খাদ্যআঁশ যকৃতের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে এবং শরীরের চর্বির বিপাক প্রক্রিয়া সচল রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে আপেল ও আনারসে থাকা দ্রবণীয় খাদ্যআঁশ এবং ব্রোমেলিন নামের এনজাইম রক্তনালিতে চর্বি জমার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।
তবে শুধু ফল খেলেই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকবে—এমনটি নয়। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ফলের ধরন ও পরিমাণ নির্ধারণের আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষার মৌসুমি ফল শুধু স্বাদের জন্য নয়, সঠিকভাবে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে তা হৃদযন্ত্র ভালো রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমানোর প্রচেষ্টাকে আরও কার্যকর করে তুলতে পারে। তাই এই মৌসুমে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি মৌসুমি ফল রাখার অভ্যাস গড়ে তোলা হতে পারে সুস্থ জীবনের একটি সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ।









