হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত ও আরও ছয় ভারতীয় আহত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করা হয়। তবে বৈঠকে তাকে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার—মোম্বাসা ও আল বাহিয়াহ—লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
হামলায় মোম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হন। এছাড়া আটজন আহত হন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ব্যাপক বেগ পেতে হয়েছে।
এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইআরজিসির এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের উত্তেজনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার ও প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।
সূত্র: এনডিটিভি









