এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে নীলক্ষেতে বিজিবির কঠোর অবস্থান

ডেস্ক রিপোর্ট

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে পরীক্ষার্থীদের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত মোড়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সদস্যরা নীলক্ষেত এলাকায় মোতায়েন হন।

সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের ডাক দেন পরীক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর দেড়টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরা, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলাতেও পরীক্ষার্থীরা আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে পরীক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের পাঠানো এক বার্তায় সংগঠনটির মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে সর্বাত্মক নৈতিক সহায়তা ও সংহতি জানাতে হবে। তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা সাময়িক স্থগিত করা, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর