কানাডাজুড়ে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটিতে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এসব দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসসহ বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনওএএ) জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ সতর্কতা কার্যকর রয়েছে। পরিস্থিতির কারণে এসব অঞ্চলের বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডায় ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) নতুন করে আরও ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে, কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, অধিকাংশ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। বিশেষ করে অন্টারিওর পশ্চিমাঞ্চলে বড় আকারের দাবানল ছড়িয়ে পড়েছে। সেখান থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় থান্ডার বে ও টরন্টোর বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে।
এদিকে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উচ্চ বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস অতিক্রম করে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে হয়ে উঠেছে এবং সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিক সময়ের তুলনায় আরও লালচে দেখাচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দাবানল পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েকদিন কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বায়ুদূষণের প্রভাব আরও বাড়তে পারে।









