কওমি দলগুলোকে এক ছাতার নিচে আনতে হেফাজতের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

কওমি ঘরানার ইসলামী দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বলয়ে থাকা দলগুলোর কাছে আগামী ৩ আগস্টের মধ্যে তাদের অবস্থান ও করণীয় বিষয়ে লিখিত মতামত চেয়েছে সংগঠনটি। মতামত পাওয়ার পর নতুন রাজনৈতিক জোটের কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে হেফাজতের নেতারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের নেতাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়।

সভায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্য প্রকাশ করেন অংশগ্রহণকারী নেতারা।

হেফাজত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র—এই তিন ধারায় বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের রাজনৈতিক শক্তি ছড়িয়ে পড়ে। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক বলয়ের নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য বিরোধও দেখা দেয়। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কওমি ধারার দলগুলোকে এক ছাতার নিচে আনার লক্ষ্যেই নতুন জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, নতুন জোটে অংশ নিতে আগ্রহী দলগুলোকে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করে লিখিত মতামত দিতে বলা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটিকে জামায়াত ও বিএনপির বিদ্যমান রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক বলয়ে বিভক্ত হয়ে যাওয়ায় হেফাজতের নেতাকর্মীদের মধ্যে বিভাজন ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে কারণেই আমিরের উদ্যোগে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে বৈঠক করে তাদের মতামত চাওয়া হয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার পর পরবর্তী বৈঠকে নতুন জোটের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যৎ নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে জোট গঠন হবে, এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হেফাজতে ইসলামের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কওমি ঘরানার দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সামনে আরও কয়েকটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

হেফাজতের নেতাদের ভাষ্য, কওমি ধারার রাজনৈতিক শক্তিকে একটি অভিন্ন নেতৃত্বের অধীনে সংগঠিত করে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সমন্বিত রাজনৈতিক কৌশলে অংশ নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর