রাতভর মার্কিন হামলায় ইরানে আরও ৮ জন নিহত, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। নতুন এই হামলার পর চলতি মাসে মার্কিন অভিযানে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে নিরাপত্তাজনিত কারণে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ১৮ বছরের কম বয়সী একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে ২২ জন নারী ও নয়জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানায়, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে। টানা ষষ্ঠ রাতের এ অভিযানে ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। এর উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদলু এজেন্সি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর