জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম এ তথ্য নিশ্চিত করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের হামলার পর থেকেই নিখোঁজ ওই সেনার সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
সেন্টকম জানায়, হামলায় আহত চার মার্কিন সেনাকে দ্রুত উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত অন্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।
মার্কিন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষে ছয় সেনা, কুয়েতের একটি কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় ছয় সেনা এবং চলতি মাসের শুরুতে আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মার্কিন নৌবাহিনীর পাইলট নিহত হন।
এ ছাড়া চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
জর্ডানে সর্বশেষ এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।









