সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, র‍্যাবের হাতে গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, তদবির ও অবৈধ সুবিধা আদায়ের অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার (১৮ জুলাই) ফরিদপুর র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

অভিযানকালে আতিয়ার দর্জির কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর