ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে দুই পজিশনে ধোঁয়াশা, সম্ভাব্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত

স্পোর্টস ডেক্স

বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। আর মাত্র প্রায় দুই ঘণ্টা পরই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। তবে মহারণের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশের দুটি পজিশন নিয়ে এখনও রয়েছে জোর আলোচনা।

 

পুরো বিশ্বকাপজুড়েই নিজের কৌশল গোপন রাখার নীতি অনুসরণ করেছেন কোচ লিওনেল স্কালোনি। ফাইনালের আগেও তিনি চূড়ান্ত একাদশ নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। তবে দলীয় অনুশীলন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মূল একাদশে দুটি পরিবর্তন আসতে পারে।

 

সবচেয়ে বড় প্রশ্ন রাইট-ব্যাক পজিশনে। নাহুয়েল মলিনা পুরো টুর্নামেন্টে নিয়মিত খেললেও ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিপক্ষের গোলটিও আসে তার দিক থেকেই। অন্যদিকে বদলি হিসেবে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখান গনজালো মন্টিয়েল। রক্ষণে দৃঢ়তা ও আক্রমণে কার্যকর উপস্থিতির কারণে ফাইনালের শুরুর একাদশে মলিনার বদলে মন্টিয়েলকে দেখা যেতে পারে।

 

মিডফিল্ডেও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই। সেমিফাইনালে শুরুতে না খেললেও বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল নিজের পরিচিত ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং বড় ম্যাচে দলের জন্য বাড়তি শক্তি হয়ে ওঠার সক্ষমতার কারণে জুলিয়ানো সিমিওনের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে দে পলের।

 

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফেরা জিওভানি লো সেলসোও অনুশীলনে নিজেকে প্রমাণ করেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে স্কালোনির নজরে থাকলেও তাকে শুরু থেকে নয়, বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামানোর সম্ভাবনাই বেশি।

 

অন্য সব পজিশনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলবারের নিচে থাকবেন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই পরিকল্পনা সাজাবেন স্কালোনি। আর আক্রমণে দলের ভরসা অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

 

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে/রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর