কাশিমপুর কারাগার থেকে পালানো নারীবন্দি রিম্পা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারীবন্দি মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব-২-এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ জন নারীবন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলছিল। এ সময় তদারকির ঘাটতির সুযোগে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, র‌্যাব-২ থেকে পালিয়ে যাওয়া বন্দিকে আটকের বিষয়ে তাদের জানানো হয়েছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে আনতে গেছেন। তিনি জানান, রিম্পাকে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে আটক করা হয়েছে। তবে ঠিক কখন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে র‌্যাব বিস্তারিত জানায়নি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর