ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকচাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচএম/কান্ট্রিবিডি









