যমুনা ভাঙনে সর্বস্ব হারানো রহিতন নেছার পাশে দাড়ালো উপজেলা প্রশাসন

সুজন আহমেদ, সিরাজগঞ্জ

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছার পাশে দাঁড়িয়েছে শাহজাদপুর উপজেলা প্রশাসন। অসহায় এই বৃদ্ধার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গিয়ে সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (২২ জুলাই) শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রহিতন নেছার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁরা তাঁর জীবনযাত্রার খোঁজখবর নেন এবং সরকারি ভাতার কার্ড, নগদ অর্থসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাঁর হাতে তুলে দেন।

সহায়তা প্রদানকালে কর্মকর্তারা রহিতন নেছার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তাঁর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, যমুনা নদীর ভয়াবহ ভাঙনে রহিতন নেছা তাঁর বসতভিটাসহ জীবনের সম্বল হারিয়ে দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ এই শতবর্ষী নারীর পক্ষে নিজের জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তা তাঁর জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এলাকাবাসীর মতে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন উদ্যোগ শুধু একজন বৃদ্ধাকেই সহায়তা করেনি, বরং দুর্গত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। প্রশাসনের দায়িত্বশীলতা, মানবিকতা ও জনসেবামূলক মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অন্যান্য অসহায় পরিবারগুলোর প্রতিও সরকারি সহায়তা আরও সম্প্রসারিত হবে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর