৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার সময় স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র দাখিল করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২০২৭১৩০ ও ১৫৬০৩৭০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী দুই প্রার্থী ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর সাধারণ শিক্ষা ক্যাডারে ‘অবতীর্ণ প্রার্থী’ (Appeared Candidate) হিসেবে সাময়িকভাবে মনোনীত হয়েছিলেন। তবে তাদের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হয়।
পিএসসি জানায়, মৌখিক পরীক্ষার বোর্ডে ওই দুই প্রার্থী স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। কমিশনের নবম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে, গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। তবে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, সরকারি কলেজগুলোর শিক্ষকসংকট নিরসনে ৬৮৩টি পদে নিয়োগের লক্ষ্যে গত বছরের ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। এর আগে সরকারি কলেজের শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।
জেএইচএম/কান্ট্রিবিডি









