ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলায় সরাসরি অংশ নেওয়া বা কোনোভাবে সহায়তাকারী পক্ষগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগাচি বলেন, “আমাদের জাতীয় অবকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।”
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশগ্রহণকারী কিংবা যেকোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য যেকোনো উপায়ে হামলা চালায়, তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র বোমা হামলার মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি এ কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।
জেএইচএম/কান্ট্রিবিডি









