মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস: মৃতের সংখ্যা বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত আরও সাতজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটি বেগম (৫০)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরে দেয়াল ধসের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বিউটি বেগমকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, বিউটি বেগম টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থলের পাশেই তিনি ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলায়।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। প্রতিদিনের মতো সেদিনও দেয়ালসংলগ্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির জন্য ট্রাক অবস্থান করছিল। নিম্নআয়ের অসংখ্য মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার অপেক্ষায় ছিলেন। হঠাৎ দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই সৃষ্টি হয় আতঙ্ক ও চরম বিশৃঙ্খলা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তারা ভাঙা দেয়ালের নিচে চাপা পড়া আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত অপর দুজন হলেন নাসিমা বেগম (৪৪) ও মো. ফিরোজ (৪৩)। নাসিমা বেগম রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ফিরোজ মিরপুরের শাহ আলীবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর দেয়াল ধসের কারণ এবং ভবনের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর