ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৫১২

ডেস্ক রিপোর্ট

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন খুলনা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।

একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ১৩ হাজার ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৬ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২৪৪ জন, খুলনা বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, রাজশাহী বিভাগে ৭৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

এলাকাভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬ জন, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ৫ জন করে, রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে ভর্তি হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এছাড়া বরিশাল বিভাগে ৩ হাজার ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১ হাজার ৮৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭২ জন, রাজশাহী বিভাগে ৫০৪ জন, রংপুর বিভাগে ২৮৬ জন এবং সিলেট বিভাগে ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর