ঢামেকের ৮ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, জিভে ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যার কারণে পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন রিয়া। শুক্রবার ভোররাতে পাশের রোগীর স্বজনেরা তাকে জানান, তার মেয়ে ভবনের ওপর থেকে লাফ দিতে যাচ্ছেন।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখেন, রিয়া ৮ তলা থেকে নিচে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। তবে দীর্ঘদিন সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত ১০ দিন ধরে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়েছিল।

তার ভাষ্য, রিয়া প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং বিভিন্ন সময় জিজ্ঞাসা করতেন, ‘এটা কোন দেশ? আমি কোথায় আছি?’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর