জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় কিশোরীর মা ও দাদি চিকিৎসার জন্য ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে ছোট ভাই-বোনকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোরী। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে চাপ দেয়। দরজা না খোলায় জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, বাধা দিতে গেলে হামলার হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তিন যুবক পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে বাড়ির উঠানে ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুইজনকে মোটরসাইকেলসহ আটক করে গণপিটুনি দিয়ে সদরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শাশুড়ির অপারেশনের জন্য হাসপাতালে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে মেয়ের এই অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে গেছি। আমার মেয়েকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চাই।”

ভুক্তভোগীর ছোট বোন জানায়, দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে তার বোনকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমা জাহান বলেন, ভুক্তভোগীর বাম হাতে, বুকে ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। পেটে লাথির কারণে ব্যথা রয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনজন তাকে ধর্ষণ করেছে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের হাতে আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর