দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত হবে সাফের কংগ্রেস। কংগ্রেসের অন্যতম এজেন্ডা ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচন। তবে সভাপতি পদে কাজী সালাহউদ্দিন ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তার পুনর্নির্বাচন এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা।
সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি নির্ধারিত পদের সংখ্যাকে অতিক্রম না করে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে বিবেচিত হবেন। সে অনুযায়ী কংগ্রেসের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হবেন তিনি।
২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারতেন না। তবে গত বছর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সসীমা তুলে দেওয়া হয়। ফলে তার পুনর্নির্বাচনের পথ উন্মুক্ত হয়।
এদিকে বাংলাদেশ থেকে এবার আরও একজন প্রতিনিধি সাফের কার্যনির্বাহী কমিটিতে জায়গা পাচ্ছেন। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির অন্য সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
সবকিছু ঠিক থাকলে ভুটানের কংগ্রেস শেষে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সাফ।
জেএইচএম/কান্ট্রিবিডি








