রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারকে কেন্দ্র করে শনিবার (১ আগস্ট) সকালে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
ডিএমপি সূত্রে জানা যায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকতে পারে— এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান চালায়। ব্যাগটি এক্স-রে স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তুর উপস্থিতি শনাক্ত করা হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
পরবর্তীতে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।
অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এবং হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরে নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, দ্রুত ও পেশাদার পদক্ষেপের মাধ্যমে দুটি ঘটনাই নিরাপদে মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং কোথাও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।
জেএইচএম/কান্ট্রিবিডি









